আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় প্রথমবার আকাশপথে সহায়তা পাঠাল ইউরোপের তিন দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

গাজার চলমান মানবিক সংকট মোকাবিলায় আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু করেছে কয়েকটি দেশ। এর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি এবং ফ্রান্স বিমান থেকে গাজায় সহায়তা পাঠাল।

পূর্ববর্তী মিশনগুলোর মতো এবারও অংশ নেয় জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার (১ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, মধ্য গাজার আকাশসীমা দিয়ে  বিমান থেকে ত্রাণ ফেলা হয়েছে। সংযুক্ত একটি ভিডিওতে সেই মুহূর্ত ধরা পড়লেও এর তারিখ নিশ্চিত করা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও আগেই জানিয়েছিল, এটি গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ গাজা সফরে যাচ্ছেন। শুক্রবার তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবিকে সঙ্গে নিয়ে সরাসরি গাজায় প্রবেশ করবেন বলে  হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এই সফরের মাধ্যমে দূত গাজার বিভিন্ন খাদ্য সহায়তা কেন্দ্র ঘুরে দেখবেন এবং ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলবেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি সুসংগঠিত সহায়তা পরিকল্পনার খসড়া তুলে ধরবেন তিনি।

গাজায় এই সফরের আগের দিন ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন ফিলিস্তিনি। একইসঙ্গে, অপুষ্টি ও দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় বারবার ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, খাদ্য নিরাপত্তা চরম  পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে আকাশপথে সহায়তা সরবরাহ এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

মতামত দিন