ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে একটি এফ-৩৫সি যুদ্ধবিমান। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছের একটি ফাঁকা কৃষিজমিতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।
দুর্ঘটনার সময় পাইলট সফলভাবে ইজেক্ট করে নিরাপদে রক্ষা পান। দুর্ঘটনাস্থল জনবসতি থেকে দূরে থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিধ্বস্ত বিমানে আগুন জ্বলতে দেখা যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
নৌবাহিনী জানিয়েছে, বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অংশ, যেখানে নতুন পাইলটদের যুদ্ধবিমানের প্রশিক্ষণ দেওয়া হয়। বিধ্বস্ত বিমানের চালকও একজন প্রশিক্ষণার্থী ছিলেন।
লকহিড মার্টিন নির্মিত এফ-৩৫ লাইটেনিং টু সিরিজের এই বিমানটি বিশ্বের অন্যতম আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান। এর একেকটির মূল্য প্রায় ১০ কোটি মার্কিন ডলার।
দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাটি তদন্তে এরই মধ্যে একটি বোর্ড গঠন করেছে মার্কিন নৌবাহিনী

মতামত দিন