ইসরায়েলের তিনটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় হুতিদের ড্রোন হামলা।
ইসরায়েলের অভ্যন্তরে একযোগে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। বুধবার (৩০ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ইয়াফা,আসকেলন ও নেগেভে চালানো এই হামলায় পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রথমে অধিকৃত ইয়াফায় দুটি ড্রোন দিয়ে ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’ লক্ষ্য করে আঘাত হানা হয়। এরপর আসকেলন এবং নেগেভ অঞ্চলের সামরিক ঘাঁটিতে তিনটি ড্রোন পাঠানো হয়। প্রতিটি হামলাকেই সফল বলে দাবি করেছে হুতিরা।
সংগঠনটি জানায়, ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত এবং অবরোধ না তুলা পর্যন্ত তাদের হামলা থামবে না। একইসঙ্গে তারা সতর্ক করে দিয়েছে, ইসরায়েলি বন্দর ব্যবহারকারী বিদেশি জাহাজ এবং সেইসব কোম্পানির সম্পদও তাদের টার্গেটে থাকবে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে আসা একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। তবে বাকি ড্রোনগুলো সম্পর্কে তারা কোনো মন্তব্য করেনি।
মধ্যপ্রাচ্যের বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তুলছে এবং ইয়েমেন থেকে ইসরায়েলের ভেতরে আগ্রাসন নতুন মাত্রায় পৌঁছাচ্ছে।

মতামত দিন