গাজায় প্রাণহানি ছাড়াল ৬০ হাজার এর বেশি।
দুই বছর ধরে চলমান ইসরায়েল-হামাস সংঘর্ষে গাজা উপত্যকার মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, শুধু গত ২৪ ঘণ্টায় (২৯ থেকে ৩০ জুলাই সকাল পর্যন্ত) সেখানে প্রাণ হারিয়েছেন আরও ১১৩ জন।
এই দীর্ঘস্থায়ী সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েই চলেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের মাত্রা আরও তীব্র হয়েছে। স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তাহীনতা এখন গাজার প্রতিটি পরিবারকে ছুঁয়ে যাচ্ছে।
বিশেষ করে, শিশু ও নারীরা গভীর পুষ্টিহীনতার শিকার হচ্ছেন।যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন ‘মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস’ (MAP) জানিয়েছে, গাজায় গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের মধ্যে অন্তত ৪৪ শতাংশ ‘তীব্র অপুষ্টি’তে আক্রান্ত।
সংগঠনটির স্থানীয় অংশীদার 'আর্দ আল ইনসান' পরিচালিত এক জরিপে দেখা যায়, এসব নারীর স্বাস্থ্য দ্রুত অবনতি ঘটছে এবং তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা প্রয়োজন। অপুষ্টি পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, এক-তৃতীয়াংশের বেশি মায়েরা এখন প্রয়োজনীয় খাদ্য বা চিকিৎসা পাচ্ছেন না।
যুদ্ধের ধ্বংসস্তূপে পরিণত গাজায় স্বাস্থ্য অবকাঠামো ইতোমধ্যেই ভেঙে পড়েছে। পর্যাপ্ত ওষুধ নেই, হাসপাতালগুলোতে জায়গা নেই, বিদ্যুৎ সংকটে চলছে চিকিৎসা সেবা।
জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক করিডোর চালুর আহ্বান জানালেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
সূত্র: সিএনএন নিউজ
মতামত দিন