আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামির প্রথম ঢেউ।

নিজেস্ব প্রতিবেদক:

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর উত্তাল সাগর থেকে ধেয়ে আসছে সুনামির ঢেউ। বুধবার সকাল পর্যন্ত জাপানের উত্তরাঞ্চল হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম ঢেউয়ের আঘাত রেকর্ড করা হয়েছে।

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ঢেউয়ের উচ্চতা ছিল  প্রায় ৩০ সেন্টিমিটার।

যদিও প্রাথমিক ঢেউ ছোট ছিল, জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে—এর পরবর্তী ঢেউ অনেক বেশি বিধ্বংসী হতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো কোনো এলাকায় ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

সুনামির ঢেউ সাধারণভাবে সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। এমনকি ৫০ সেন্টিমিটার উঁচু ঢেউও ২০০ কেজি পর্যন্ত বল প্রয়োগ করতে পারে, যা একজন পূর্ণবয়স্ক মানুষকে গুরুতরভাবে আঘাত করার জন্য যথেষ্ট। এ কারণে উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরের ১৩৬ কিলোমিটার পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে।

রাশিয়ার উপকূলীয় কিছু এলাকায় চার মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস দেখা গেছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কা থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে আন্তর্জাতিক বিভিন্ন ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা।

মতামত দিন