রাশিয়ায় আগ্নেয়গিরির জাগরণ, ছাইয়ে ঢেকে যাচ্ছে আকাশ।
ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে নতুন করে জেগে উঠেছে ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির মুখ থেকে ছিটকে পড়া ছাই ইতোমধ্যে ৩ কিলোমিটার ওপরে উঠে আকাশকে আচ্ছন্ন করেছে।
রাশিয়ান বিজ্ঞানীদের বরাত দিয়ে জানানো হয়েছে, আগ্নেয়গিরির ছাই এখন প্রায় ৫৮ কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগ্নেয়গিরির চূড়ায় বিস্ফোরণ অব্যাহত রয়েছে এবং ছাইয়ের স্তর আরও ওপরে—সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার উচ্চতায়—উঠে যেতে পারে। এতে করে নিচু দিয়ে চলাচলকারী বিমানগুলো বিপদের মুখে পড়তে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগ্নেয়গিরির গর্ত লাভায় পূর্ণ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে লাভা উদগিরণ শুরু হতে পারে। যদিও আন্তর্জাতিক ফ্লাইট রুট ক্লিউচেভস্কয়ের ওপর দিয়ে নয়, আঞ্চলিক বিমানের জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
এর আগে বুধবার কামচাটকায় ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়, যা প্রাথমিকভাবে ৮.৭ বলে জানানো হয়েছিল। এর প্রভাবে ৪ মিটার উঁচু সুনামি সৃষ্টি হয় এবং তা উপকূলে আঘাত হানে। কামচাটকা ছাড়াও সুনামির প্রভাবে ক্ষয়ক্ষতির শঙ্কায় রয়েছে জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রও—যেখানে ইতোমধ্যে সতর্কতা জারি হয়েছে।
মতামত দিন