আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, ফের সাফ জানাল সৌদি আরব।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আবারও আগের কঠোর অবস্থান জানিয়ে দিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তেল আবিবের সঙ্গে স্বাভাবিকীকরণ সম্ভব নয়।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতিসংঘ আয়োজিত একটি সম্মেলনের ফাঁকে আয়োজিত সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, টেকসই শান্তির একমাত্র পথ হলো—ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা ও তাদের স্বাধীন রাষ্ট্র গঠন।

তিনি বলেন, “এই নীতিগত অবস্থান আমাদের দৃঢ় বিশ্বাস থেকে এসেছে।একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো স্থায়ী শান্তি ও সত্যিকারের সংহতি সম্ভব নয়।”

ফয়সাল বিন ফারহান আরও স্মরণ করিয়ে দেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও এক বছর আগে একই বার্তা দিয়েছিলেন।

তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান ইসরায়েলি সরকার দ্বিরাষ্ট্র সমাধানের চিন্তা বরাবরই প্রত্যাখ্যান  করে আসছে। বরং তারা পশ্চিম তীরের একাধিক অংশকে সরাসরি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পদক্ষেপ নিয়েছে—যা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অন্যদিকে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে একের পর এক প্রাণহানি ঘটছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বাইরে খাদ্য সংকট ও অপুষ্টিজনিত কারণে নতুন করে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে রয়েছে দুটি শিশু। এই নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যার মধ্যে ৮৮ জনই শিশু।

আলজাজিরার খবরে বলা হয়েছে, অনেক আহত বা নিহতকে এখনো উদ্ধার করা যায়নি। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়ে আছেন, ফলে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন