যুক্তরাষ্ট্রে ভিসার শর্ত ভাঙলে আজীবনের নিষেধাজ্ঞা, সতর্ক করল দূতাবাস।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভিসাধারীদের মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। তারা বলছে, নির্ধারিত মেয়াদ শেষে কেউ যদি দেশটিতে থাকেন, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে।
মঙ্গলবার (২৯ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, কোনো ভিসার শর্ত ভঙ্গ করলে সেটিকে ভুল হিসেবেই ধরা হবে না। বরং সেটি হবে আপনার দায়। কনস্যুলার অফিসারদের কাছে প্রতিটি আবেদনকারীর পূর্ণ অভিবাসন ইতিহাস সংরক্ষিত থাকে। অতীতে কোনো নিয়ম লঙ্ঘন করলে পরবর্তী আবেদনে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে।
পোস্টে আরও বলা হয়, “ভুলবশত কিছু করে ফেলার সুযোগ নেই। ভিসার নিয়ম জানা এবং তা মেনে চলা আপনার দায়িত্ব।”
এর আগে একাধিকবার ভিসা জালিয়াতি ও প্রতারণা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন দূতাবাস। গত ২১ জুলাই তারা জানায়, কোনো ভুয়া নথি ধরা পড়লে বা কোনো নিরাপত্তাজনিত সন্দেহ দেখা দিলে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে তথ্য ভাগাভাগি করা হয়।
এছাড়া ১৮ জুলাই দেওয়া আরেকটি পোস্টে বলা হয়, কনস্যুলার অফিসাররা প্রতিনিয়ত ভিসা জালিয়াতি ও ভুয়া নথি চিহ্নিত করার কৌশল সম্পর্কে হালনাগাদ থাকেন। তথ্য গোপন করা বা নকল কাগজপত্র জমা দেওয়ার শাস্তি হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলা।
এমনকি ১০ জুলাইয়ের একটি পোস্টে জানানো হয়েছিল, ভিসার আবেদন ফরম (ডিএস-১৬০) পূরণ করার সময় গত পাঁচ বছরে ব্যবহার করা সামাজিক যোগাযোগমাধ্যমের সব আইডি জমা দেওয়া বাধ্যতামূলক। এই তথ্য গোপন করলেও আবেদন প্রত্যাখ্যাত হতে পারে, এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ চিরতরে হারাতে পারেন আবেদনকারী।


মতামত দিন