ভুয়া ভিসায় মালয়েশিয়ার সারাওয়াক প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশি আটক।
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে ভুয়া ভিসা ও জাল কাগজপত্র ব্যবহার করে প্রবেশের চেষ্টা করার সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
সোমবার (২৮ জুলাই) কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে (KIA) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, ওই ১৫ জন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে কুচিংয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নজরদারির আওতায় আনা হয়।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, তাদের পাসপোর্ট যাচাইয়ে কোনো বৈধ রেকর্ড পাওয়া যায়নি। এমনকি ইমিগ্রেশন সিস্টেমেও তাদের নাম নেই। পাসপোর্টে থাকা অভিবাসন স্ট্যাম্পগুলোও ছিল জাল।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পৌঁছাতে একটি চক্র বা এজেন্সিকে ১৮ থেকে ২০ হাজার রিংগিত পরিশোধ করেছেন তারা।
এ ঘটনায় মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।বর্তমানে আটক ব্যক্তিদের সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
সারাওয়াক প্রশাসন জানিয়েছে, এই ধরনের অপরাধ দমন ও চোরাই অভিবাসন রোধে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

মতামত দিন