আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভিজিট ভিসায় থাকা বিদেশিদের জন্য দেশ ছাড়ার সময়সীমা বাড়াল সৌদি সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে ভিজিট ভিসায় অবস্থানরত বিদেশিদের জন্য দেশ ছাড়ার সময়সীমা ৩০ দিন বাড়িয়েছে দেশটির পাসপোর্ট অধিদফতর। ওভারস্টে-জনিত জরিমানার ঝুঁকি কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হওয়া এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তটি সব শ্রেণির ভিজিট ভিসাধারীর জন্য প্রযোজ্য হবে। তবে এই সুবিধা পেতে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত ফি ও আরোপিত জরিমানা পরিশোধ করতে হবে।

সৌদি পাসপোর্ট অধিদফতরের এক ঘোষণায় জানানো হয়, বাড়তি সময় চেয়ে আবেদন করতে হলে ‘আবশার’ নামের ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে ‘তাওয়াসুল’ সার্ভিসের মাধ্যমে প্রয়োজনীয় অনুরোধ জানাতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রস্থান কার্যকর করা যাবে।

এর আগে চলতি বছরের জুনে একই ধরনের ৩০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ ঘোষণা করেছিল সৌদি সরকার। তখনও জরিমানা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছিল ভিজিট ভিসায় অবস্থানরত ব্যক্তিদের।

নতুন করে সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্ত দেশটিতে অভিবাসন ব্যবস্থাপনা আরও সহজ ও মানবিকভাবে পরিচালনার লক্ষ্যেই নেওয়া হয়েছে। পাশাপাশি সৌদিতে অবস্থানরত প্রবাসীদের আইনি জটিলতা থেকে মুক্ত রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ

মতামত দিন