আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ব্যাংককের কৃষিপণ্য বাজারে বন্দুকধারীর হামলা, নিহত ৬।

নিজেস্ব প্রতিবেদক: 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ব্যস্ত কৃষিপণ্য বাজারে রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনায় অন্তত  ছয়জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছেন—শেষ পর্যন্ত তিনি নিজের জীবন নিজেই কেড়ে নেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাজধানীর ব্যাং সুর জেলায় অবস্থিত বাজারটিতে রবিবার স্থানীয় সময় সকালে হামলাটি ঘটে। ঘটনাস্থলে পাঁচজন নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করে বন্দুকধারী। পরে তিনি আত্মহত্যা করেন।

থাই মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের সবাই স্থানীয়, এবং হামলায় কোনো বিদেশি নাগরিক আক্রান্ত হননি।

পুলিশ জানায়, হামলাকারী কী উদ্দেশ্যে এই বর্বর কাণ্ড ঘটিয়েছেন তা এখনও পরিষ্কার নয়। তার পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—এক ব্যক্তি সাদা ক্যাপ ও সামনে ব্যাগ ঝুলিয়ে বাজারের পার্কিং এলাকায় ঘোরাফেরা করছেন। ধারণা করা হচ্ছে, তিনিই হামলাকারী।

উল্লেখযোগ্য যে, থাইল্যান্ডে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সহিংসতা নতুন কিছু নয়। গত কয়েক বছরেই দেশটিতে একাধিক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালে এক কিশোর বিলাসবহুল শপিং মলে গুলি চালিয়ে দুজনকে হত্যা করে, তারও আগে ২০২২ সালে এক প্রাক্তন পুলিশ সদস্য শিশুদের একটি নার্সারিতে চালায় ভয়ংকর হামলা, যাতে ৩৬ জন নিহত হয়।

মতামত দিন