ভিয়েতনামের মধ্যাঞ্চলে স্লিপার বাস উল্টে নিহত ১০, আহত ১২।
ভিয়েতনামের হা টিন প্রদেশে শুক্রবার ভোরে একটি স্লিপার বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলে বাসটি রাস্তা থেকে ছিটকে সড়কের পাশে থাকা দিক নির্দেশক চিহ্নে আঘাত করে উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান। নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক। পাঁচজন অভ্যন্তরীণ পর্যটক বলে জানা গেছে।
এক বেঁচে যাওয়া যাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুহূর্তেই বাসটি উল্টে যায় এবং তিনি সোজা হয়ে বসতেও পারছিলেন না, তার শরীর ও হাত বিছানার পাশে আঘাত পেয়েছিল।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দুর্ঘটনার বিষয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
গত কয়েকদিন আগে হা লং বে-তে একটি নৌকাডুবিতে ৩৮ জন পর্যটক ও ক্রু নিহত হয়েছিল। ওই ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় ৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনাগুলো দেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা

মতামত দিন