আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের বিচার ভবনে সন্ত্রাসী হামলা: নিহত অন্তত ৫।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি বিচার বিভাগ ভবনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।রাজধানী জাহেদানের একটি আদালত চত্বরে বন্দুকধারীরা অতর্কিতে হামলা চালায়।

এতে এখন  পর্যন্ত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হামলাকারীরা  দর্শনার্থীর ছদ্মবেশে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং পরে একটি গ্রেনেড ছুড়ে মারে। বিস্ফোরণে নারী-শিশুসহ কয়েকজন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছে মাত্র এক বছরের একটি শিশু এবং তার মা।

স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত হয়। তবে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, তারা আত্মঘাতী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিয়েছে কি না—সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর আঞ্চলিক সদর দপ্তর এ ঘটনায় তিন  হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনার পরপরই সিস্তান-বেলুচিস্তান পুলিশের ডেপুটি কমান্ডার আলিরেজা দালিরি জানান, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং ঘাতকরা ভবনের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হঠাৎ হামলায় নামে।

এদিকে, পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সক্রিয় সুন্নি বিদ্রোহী গোষ্ঠী ‘জাইশ আল-আদল’ (অর্থ: ন্যায়বিচারের বাহিনী) এই হামলার দায় স্বীকার করেছে। ইরানে সংখ্যালঘু বালুচ সম্প্রদায়ের দাবি নিয়ে সহিংসতা চালিয়ে আসা এই গোষ্ঠী অতীতেও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িত ছিল।

এ ঘটনার পর জাহেদানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, তদন্ত শুরু করেছে ইরানি গোয়েন্দা সংস্থা।

মতামত দিন