পাকিস্তান সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট, বাড়ছে ইসলামাবাদ-তেহরান ঘনিষ্ঠতা।
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী ২৬ জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে তেহরান। দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক সমন্বয় বাড়াতেই এ সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
মঙ্গলবার (২২ জুলাই) জিও নিউজ ও ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম সূত্রে জানা যায়, সফর উপলক্ষে দুই দেশের পররাষ্ট্র দপ্তরগুলো প্রস্তুতি চূড়ান্ত করছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক সংবাদ সম্মেলনে বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের ওপর গঠিত। বর্তমান প্রেক্ষাপটে এই সফর দুই দেশের মধ্যে বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন।”
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ইরানের অভ্যন্তরে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইসলামাবাদ একাধিকবার তেহরানের পক্ষে অবস্থান নিয়েছে। পাকিস্তানের এ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ইরান বলেছে, এই ধরনের একাত্মতা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে।
এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির মধ্যে টেলিফোনে আলাপ হয়। আলোচনায় পাকিস্তানে চলমান বন্যা পরিস্থিতি এবং পেজেশকিয়ানের আসন্ন সফর উঠে আসে। ইরান বলেছে, দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তারা।
সফরকালে দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য ও সীমান্ত ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু রাজনৈতিক সৌজন্য সফর নয়, বরং আঞ্চলিক ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ বাঁক হয়ে উঠতে পারে।

মতামত দিন