আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু স্থাপনায় আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত—এমন বার্তা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাম্প্রতিক প্রতিক্রিয়ার জবাবে এক অনলাইন পোস্টে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে।

সোমবার (২১ জুলাই) রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন, জুন মাসে মার্কিন হামলায় তাদের পরমাণু স্থাপনা ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। ট্রাম্প লেখেন, "যেমনটা আমি আগেই বলেছিলাম, ঠিক তা-ই ঘটেছে। আমরা যদি চাই, আবারও সেটি করতে পারি।"

এ সময় তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনেরও সমালোচনা করেন। ট্রাম্প বলেন, সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলায় ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। এ বিষয়ে তিনি বলেন, "সিএনএনের এধরনের ভুয়া প্রতিবেদনের দায়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের অবিলম্বে চাকরি হারানো উচিত এবং আমার পাশাপাশি আমাদের সাহসী পাইলটদের কাছে ক্ষমা চাওয়া উচিত।"

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দেশটি তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে পিছিয়ে আসবে না। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক হামলায় কার্যক্রমে বিঘ্ন ঘটলেও এটি তেহরানের আত্মপরিচয়ের অংশ এবং বিজ্ঞানীদের বহু বছরের শ্রমের ফল।

"সমৃদ্ধকরণ কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে, কারণ ক্ষয়ক্ষতি অনেক বড়। তবে আমরা চূড়ান্তভাবে এই প্রকল্প পরিত্যাগ করব না। এটি আমাদের বৈজ্ঞানিক সক্ষমতা ও জাতীয় অহঙ্কারের প্রতীক,"—বলেন আরাগচি।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনের সাম্প্রতিক হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হয়, যা তেহরান কর্তৃপক্ষও এখন আর অস্বীকার করছে না।

মতামত দিন