দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু।
দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ১২ জন।
স্থানীয় সময় ১৬ জুলাই থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চল। সানচেওং কাউন্টিতে একাই মারা গেছেন ৬ জন এবং নিখোঁজ ৭ জন। হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৪১ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
বৃষ্টি এখন কিছুটা কমলেও রাজধানী সিউলসহ উত্তরাঞ্চলে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বন্যার পানিতে বহু সড়ক ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষিজমি তলিয়ে গেছে এবং গবাদিপশুর ব্যাপক মৃত্যু ঘটেছে।
উত্তরাঞ্চলের পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন এলাকাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সরকার ইতোমধ্যে ভূমিধসপ্রবণ অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং উদ্ধার তৎপরতা চালাতে একাধিক সংস্থাকে যুক্ত করেছে।
মতামত দিন