আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় ফের ভয়াবহ হামলা, একদিনেই ৯০ বার আঘাত হানল ইসরায়েল।

নিজেস্ব প্রতিবেদক:

গাজার আকাশে আবারও আগুনের বৃষ্টি নামাল ইসরায়েল। মাত্র একদিনেই ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে ৯০টি বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
শনিবার (১৯ জুলাই) এক নিয়মিত সামরিক ব্রিফিংয়ে এ তথ্য জানায় ইসরায়েলি সেনাবাহিনী। খবর দিয়েছে আলজাজিরা।

ইসরায়েলের দাবি, এসব হামলায় গাজার ভেতরে হামাস যোদ্ধাদের সামরিক স্থাপনা ও ভূগর্ভস্থ টানেল লক্ষ্যবস্তু ছিল। তবে কোথায় কোথায় হামলা চালানো হয়েছে— সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা ভিডিও প্রকাশ করেনি তারা।

মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত গাজা উপত্যকায় একদিনে এত বিপুল সংখ্যক হামলা নজিরবিহীন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

এর আগেও ইসরায়েল বিভিন্ন সময়ে গাজার বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে সমালোচনার মুখে পড়েছে। সম্প্রতি আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের ত্রাণশিবির এবং গাজার একমাত্র ক্যাথলিক গির্জার ওপর বিমান হামলা চালায় তারা। একইভাবে খাবার সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলায় বহু প্রাণহানির খবর মিলেছে।

এদিকে হামাস বলেছে, তারা যুদ্ধবিরতির একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছিল যাতে জিম্মি মুক্তি, ইসরায়েলি বাহিনীর গাজা ত্যাগ এবং মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয় ছিল। তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বার্তায় বলেন, “ইসরায়েল চায় না বন্দিদের মুক্ত করা হোক, কারণ তারা সবাই সেনাসদস্য।” তার ভাষায়, যুদ্ধবিরতির কোনো সুনির্দিষ্ট চুক্তি না হলে হামাস দীর্ঘ লড়াই চালিয়ে যাবে।

মতামত দিন