চুক্তি নাকচ করেছে ইসরায়েল, যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি হামাসের।
বৃহস্পতিবার প্রকাশিত ২০ মিনিটের এক ভিডিও বার্তায় আবু উবাইদা বলেন, “ইসরায়েলি সরকার বন্দিমুক্তির বিষয়ে আন্তরিক নয়। কারণ, তাদের হাতে থাকা জিম্মিদের সবাই সেনাসদস্য।” তিনি জানান, হামাস একটি পূর্ণাঙ্গ চুক্তির পক্ষপাতী—যেখানে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে এবং মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
তিনি কাতারে চলমান আলোচনার বিষয়ে সতর্ক করে বলেন, “ইসরায়েল যদি আবারও আলোচনা থেকে পিছিয়ে যায়, তবে ভবিষ্যতে কোনো আংশিক চুক্তির সুযোগ থাকবে না।” আলোচনায় ৬০ দিনের একটি প্রস্তাব রয়েছে, যার আওতায় ১০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হামাসের দাবি, তাদের হাতে বর্তমানে প্রায় ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজা থেকে আরও ১০ জন জিম্মিকে শিগগির মুক্ত করা হবে। তিনি দাবি করেন, “আমরা ইতোমধ্যে বেশিরভাগ বন্দিকে ফিরিয়ে এনেছি। আশা করছি, পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হবে।” তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
মার্চের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন আবু উবাইদা। তিনি বলেন, হামাস যোদ্ধারা গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে এবং যেকোনো দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত।
ভিডিও বার্তায় তিনি আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সমালোচনা করে বলেন, ইসরায়েলের ‘গণহত্যার’ বিরুদ্ধে তাদের নীরবতা এক ধরনের ‘বিশ্বাসঘাতকতা’।
সূত্র: আল জাজিরা
মতামত দিন