আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতে বাংলা ভাষায় কথা বললেই গ্রেপ্তার, রাস্তায় তৃণমূল।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতে বাংলা ভাষায় কথা বলাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও পুশব্যাকের অভিযোগে পশ্চিমবঙ্গে প্রতিবাদে ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস। বুধবার (১৬ জুলাই) কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল পদযাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

প্রবল বর্ষণকে উপেক্ষা করে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মমতার সঙ্গে মিছিলে ছিলেন দলের গুরুত্বপূর্ণ নেতারা, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও পার্থ চট্টোপাধ্যায়।

মিছিল শেষে ধর্মতলায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষা বললেই বাংলাদেশি বানিয়ে দিচ্ছে! এ কোন রাজনীতি? আমরা কি আর এই দেশের নাগরিক নই?” তিনি আরও অভিযোগ করেন, “বিজেপি শুধু ভোটের জন্য জাত-ভাষা-বর্ণে বিভাজন করে চলছে। এবার মানুষই ওদের জবাব দেবে।”

তৃণমূলের দাবি, দিল্লি, আসাম, রাজস্থান এমনকি ওড়িশার মতো রাজ্যেও বাংলা ভাষাভাষী অনেক মানুষকে বেআইনিভাবে আটক করে বাংলাদেশি তকমা লাগিয়ে পুশব্যাক করা হয়েছে। একাধিক পরিবার বিনা অপরাধে হয়রানির শিকার হয়েছে বলেও দাবি করেছে তারা।

এই প্রতিবাদ কর্মসূচিকে বিশ্লেষকরা দেখছেন তৃণমূলের পক্ষ থেকে এক কৌশলী রাজনৈতিক বার্তা হিসেবে—বিশেষ করে শহীদ দিবসের আগে। ভাষা, পরিচয় ও নাগরিক অধিকারের প্রশ্নে দলটি কেন্দ্রের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে ভোটারদের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাচ্ছে বলে মনে করছেন অনেকেই।

মতামত দিন