আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

অবাক কাণ্ড: করাচির টিকিট কেটে সৌদি পৌঁছালেন যাত্রী!

নিজস্ব প্রতিবেদকঃ

এক অদ্ভুত ভুলের কারণে পাকিস্তানের এক অভ্যন্তরীণ যাত্রী পৌঁছে গেলেন সৌদি আরবে! ঘটনাটি ঘটেছে গত ৭ জুলাই, লাহোর বিমানবন্দরে। যাত্রী মালিক শাহজাইন মূলত করাচি যাওয়ার উদ্দেশ্যে ‘এয়ারসিয়াল’ নামের একটি বেসরকারি বিমানের টিকিট কাটেন।
তবে বোর্ডিং, নিরাপত্তা যাচাইসহ সব প্রক্রিয়া পার হয়ে তিনি যাত্রী তালিকাভুক্ত হন একটি আন্তর্জাতিক ফ্লাইটে, যার গন্তব্য ছিল সৌদি আরব।

সৌদি পৌঁছে বিমানের কেবিন ক্রুদের মাধ্যমে তিনি বুঝতে পারেন—তিনি ভুল ফ্লাইটে চড়ে বসেছেন। তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ বিষয়টি পাকিস্তানকে জানায় এবং পরে শাহজাইনকে ফেরত পাঠানো হয়।

পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (CAA) জানিয়েছে, তারা পুরো ঘটনা তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, বিমানবন্দরের কর্মীদের অসাবধানতাই এমন বিপজ্জনক ভুলের পেছনে দায়ী। অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী কিভাবে আন্তর্জাতিক ফ্লাইটে উঠলেন—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ যাত্রীরাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। কেউ একে বলছেন "নিরাপত্তা ঝুঁকির ভয়ংকর উদাহরণ", কেউ বলছেন "পাকিস্তানি বিমান ব্যবস্থার চরম অব্যবস্থাপনা"।

এয়ারসিয়াল কর্তৃপক্ষ এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সিএএ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিমানবন্দরের সব নিয়ন্ত্রণ ব্যবস্থায় কড়া নজরদারি চালানো হবে।

মতামত দিন