সৌদি আরবে প্রথমবারের মতো বিদেশিদের জন্য সম্পত্তি মালিকানার সুযোগ।
স্থানীয় সরকার ও আবাসনমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল হুগেইল জানিয়েছেন, নতুন এ আইন সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে সংস্কার ও বিনিয়োগ সম্প্রসারণের অংশ। তার মতে, এ পদক্ষেপ অর্থনৈতিক বৈচিত্র্য আনার পাশাপাশি বিদেশিদের জন্য আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশ তৈরি করবে।
রিয়াদ, জেদ্দা ও অন্যান্য শহরে সম্পত্তি কেনার অনুমতি থাকলেও, ধর্মীয় পবিত্র নগরী মক্কা ও মদিনায় মালিকানা গ্রহণে থাকবে বিশেষ বিধিনিষেধ। এই শহরগুলোতে সম্পত্তি কেনার ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা ও নীতিমালা মেনে চলতে হবে।
আইনটি প্রকাশের পরবর্তী ছয় মাসের মধ্যে 'Istitlaa' নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে, যেখানে জানিয়ে দেওয়া হবে কোন এলাকায় কী ধরনের সম্পত্তি বিদেশিরা কিনতে পারবেন।
বিশেষজ্ঞরা বলছেন, এতদিন সৌদি রিয়েল এস্টেট খাত ছিল মূলত অভ্যন্তরীণ ও উপসাগরীয় দেশের নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ। এবার আইন কার্যকর হলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণ বাড়বে, যা বাজারে প্রতিযোগিতা ও স্বচ্ছতা আনবে।
সৌদি চেম্বার ফেডারেশনের ন্যাশনাল ভ্যালুয়েশন কমিটির প্রধান হামাদ আল-শুওয়াইর বলেন, “বিনিয়োগকারীরা আসলে শুধু অর্থ নয়, বাজারে নতুন চিন্তাভাবনা ও প্রযুক্তিও নিয়ে আসবেন, যা রিয়েল এস্টেট খাতে স্থায়ী পরিবর্তন আনবে।”
বর্তমানে সৌদি ভূখণ্ডের মাত্র ০.৩৬ শতাংশ উন্নয়নের আওতায় এসেছে বলে জানানো হয়। নতুন আইন সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরীণ সম্পদের সদ্ব্যবহার ও ভিশন ২০৩০ অর্জনে সহায়ক ভূমিকা রাখতে পারে।
এই উদ্যোগ শুধু বৈদেশিক বিনিয়োগের দুয়ারই খুলে দিচ্ছে না, বরং দেশটির অর্থনীতিকে আরও বেশি বৈচিত্র্যময় ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করতেও সহায়তা করবে—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
মতামত দিন