সৌদি আরবে অবৈধ মাছ ধরায় বাংলাদেশি প্রবাসী আটক।
নিজস্ব প্রতিবেদকঃ
সৌদি আরবের আসির অঞ্চলের আল-কাহমাহ উপকূলে অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির উপকূলীয় বর্ডার গার্ড সদস্যরা। শুক্রবার (১১ জুলাই) এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি বর্ডার গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের কাছ থেকে অনুমোদনহীনভাবে ধরা বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এতে দেশটির সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতায় রয়েছে।
সৌদি বর্ডার গার্ড কর্তৃপক্ষ সবাইকে দেশের সামুদ্রিক নিরাপত্তা আইন ও পরিবেশ সংরক্ষণবিষয়ক বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরিবেশ বা বন্যপ্রাণী সুরক্ষার বিপরীতে যেকোনো অনিয়ম বা অপরাধের তথ্য দ্রুত জানাতে সাধারণ নাগরিকদের উৎসাহিত করা হয়েছে।
সূত্র: সৌদি গেজেট
মতামত দিন