আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।

নিজস্ব প্রতিবেদক:

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৯ জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৪০০ জন।
বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নিহতদের মধ্যে ৩৩ জন ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষারত অবস্থায় প্রাণ হারিয়েছেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে। বেসামরিক জনগণের ওপর এই হামলা ফের মানবিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছে।

বৃহস্পতিবার সকাল থেকে গাজার উত্তরে, মধ্যাঞ্চলে ও দক্ষিণে ব্যাপক বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী আইডিএফ। উত্তর গাজায় আল শিফা হাসপাতাল ও একটি স্কুলে বোমা ফেলা হয়, যেখানে অন্তত ১৩ জন নিহত হন। অন্যদিকে, দক্ষিণাঞ্চলে শরণার্থী শিবিরে তাঁবুগুলো লক্ষ্য করে চালানো বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত পাঁচজনের।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। আন্তর্জাতিক মহলের  বারবার যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে প্রায় ২০ মাস ধরে চলা এই আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি—এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিরস্ত্র নারী-শিশুর ওপর ক্রমাগত হামলা এবং মানবিক সহায়তা প্রাপ্তির পথ রুদ্ধ করার ঘটনায় তীব্র  উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তবুও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা।

মতামত দিন