গাজায় বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত।
আইডিএফের পক্ষ থেকে জানানো হয়, খান ইউনিসে সামরিক অভিযানে থাকা সেনারা একটি সাঁজোয়া ইঞ্জিনিয়ারিং যান ব্যবহার করছিলেন। চলার পথে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণে যানটি আগুন ধরে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ফিলিস্তিনি সন্ত্রাসীরা গোপনে সাঁজোয়া যানটিতে বিস্ফোরক সংযুক্ত করে।
আইডিএফ আরও জানায়, বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। আগুনে পুড়ে যানটির ভেতরে থাকা সাত সেনার সবাই মারা যান। পরে ধ্বংসপ্রাপ্ত যানটিকে গাজার ভেতর থেকে সরিয়ে আনা হয়।
নিহত সেনারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তাদের মধ্যে ছয়জনের পরিচয় প্রকাশ করেছে আইডিএফ, যাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।
নিহতরা হলেন:
১. লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি (২১), কফার ইয়োনা
২. স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে (২০), রেহোভট
৩. স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া (২০), এলিয়াখিন
৪. সার্জেন্ট রোনেন শাপিরো (১৯), মাজকেরেত বাতিয়া
৫. সার্জেন্ট শাহার মানোয়াভ (২১), অশ্কেলন
৬. সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টাইন (২০), এশহার
সপ্তম সেনার নাম এখনো প্রকাশ করা হয়নি।
এছাড়া একই দিনে খান ইউনিসেই আরেকটি হামলায় ইসরায়েলি বাহিনীর একটি ইউনিট রকেটচালিত গ্রেনেড (আরপিজি) হামলার শিকার হয়। এতে দু’জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ, তবে তাদের অবস্থা স্থিতিশীল এবং এ ঘটনায় প্রাণহানির খবর নেই।

মতামত দিন