আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হয়ে কাজের অভিযোগে ইরানে ৭০০ জন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:

গত ১২ দিনের সংঘর্ষ চলাকালে ইরানে ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগে অন্তত ৭০০ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি স্থানীয় সময় বুধবার (২৫ জুন) এ তথ্য জানায়।

খবর প্রকাশ করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

ফার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বড় একটি অংশ ‘গুপ্তচর চক্রের’ সঙ্গে যুক্ত ছিল। তাদের চিহ্নিত করা হয়েছে সাধারণ মানুষের দেওয়া তথ্য এবং অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারির মাধ্যমে।

ইরানের বিভিন্ন প্রদেশে এই অভিযান চালানো হয়, যার মধ্যে কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফার্স ও লোরেস্তান প্রদেশ অন্যতম। তবে রাজধানী তেহরানে কতজন আটক হয়েছেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আগেই স্বীকার করেছে যে তারা ‘অপারেশন রাইজিং লায়ন’  নামে একটি পরিকল্পনার অংশ হিসেবে ইরানের অভ্যন্তরে কার্যক্রম চালাচ্ছে। গত ১৩ জুন, ইরানের ওপর ইসরায়েলি হামলার আগে ওই অভিযানের অংশ হিসেবে গুপ্তচরদের প্রস্তুতির একটি ভিডিও প্রকাশ করে মোসাদ।

পরিস্থিতির জেরে ইরানে চরম নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। অনলাইনে ইসরায়েলের পক্ষে কোনো পোস্ট বা বক্তব্য প্রকাশ করায় অনেককেই আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জনমনে ভীতি ছড়ানো এবং ‘সামাজিক স্থিতিশীলতা ব্যাহত’ করার অভিযোগ আনা হয়েছে।

এমনকি রাজধানী তেহরানের প্রসিকিউশন অফিসে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে, যারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালাচ্ছে।

ইরানের অন্যান্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, সংঘাত শুরুর পর কয়েকজন ‘ইসরায়েলি গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মতামত দিন