আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৬ জন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ছয়জনকে আটক করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের তিনটি শহর থেকে তাদের গ্রেপ্তার করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

আইআরজিসির স্থানীয় শাখার কর্মকর্তা আলি আকবর করিমপুর জানান, হামেদান, রাজান এবং নাহাভান্দ শহর থেকে সন্দেহভাজন ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে করিমপুর বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভীতি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছিল।

তিনি আরও দাবি করেন, আটককৃতদের মূল লক্ষ্য ছিল ইরানি শাসনব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করা।

উল্লেখ্য, ১৩ জুন থেকে ইরান-ইসরায়েল সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর পর থেকে নিরাপত্তা সংক্রান্ত অভিযান জোরদার করেছে ইরান। এরই অংশ হিসেবে দেশটিতে সম্প্রতি বেশ কয়েকজনকে আটক এবং কয়েকজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ইরানে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হয়েছে।

মতামত দিন