আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি: আরাগচি।

নিজস্ব প্রতিবেদক:

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির গুঞ্জনের মাঝে স্পষ্ট করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি— এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি দুই দেশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে আরাগচি লিখেছেন, “তেহরান সময়  ভোর ৪টার মধ্যে যদি ইসরায়েল তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানের পক্ষ থেকে আর কোনো সামরিক প্রতিক্রিয়ার পরিকল্পনা থাকবে না।”

তবে তিনি এ-ও স্পষ্ট করেন, “আমাদের সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করার বিষয়ে কোনো চূড়ান্ত  সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সেই সিদ্ধান্ত আসবে পরবর্তীতে।”

বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত মিলছে যে, ইরান এখনো আলোচনার দরজা খোলা রেখেছে। তবে সমঝোতার চূড়ান্ত কাঠামো অনিশ্চিতই রয়ে গেছে। ইসরায়েল যদি নির্ধারিত সময়ের মধ্যে হামলা বন্ধ না করে, তাহলে ইরান আবারও জবাব দিতে প্রস্তুত বলেই ধারণা করা হচ্ছে।

তেহরান এবং তেল আবিবের মধ্যে সম্প্রতি পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ যুদ্ধবিরতির জন্য চাপ দিলেও বাস্তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

ইরানের এই অবস্থানকে অনেকেই ‘সশর্ত সংযম’ হিসেবে দেখছেন, যেখানে আলোচনার পথ খোলা থাকলেও পাল্টা জবাবের হুমকিও সমানভাবে বহাল রয়েছে।

মতামত দিন