এবার কাতারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান।
হামলার পরপরই দোহা শহরের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক প্রত্যক্ষদর্শী জানান, একাধিক বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
মার্কিন সংবাদমাধ্যম Axios এবং ব্রিটিশ BBC Arabic সূত্রে জানা গেছে, হামলায় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। একই খবর নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম, যেখানে বলা হয়—ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) এই হামলার দায় স্বীকার করেছে।
হামলার পেছনে ‘প্রতিশোধমূলক’ উদ্দেশ্য রয়েছে বলে জানিয়েছে IRGC। সংস্থাটি জানায়, “দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতে আমাদের জবাব দেওয়া শুরু হয়েছে।”
হামলার কয়েক ঘণ্টা আগেই এক পশ্চিমা কূটনীতিক কাতারে সম্ভাব্য হুমকির ইঙ্গিত দিয়েছিলেন। এরপর কাতার সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করে।
যুক্তরাষ্ট্র দূতাবাসও কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘ঘরে থাকার’ পরামর্শ দিয়েছে এবং উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে।
উল্লেখ্য, দোহা থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল উদেইদ মার্কিন বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবেও ব্যবহৃত হয়।
মতামত দিন