আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে আজ মস্কোর উদ্দেশ্যে রওনা হচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকটি সোমবার (২৩ জুন) রাশিয়ার রাজধানীতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২২ জুন) তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, “রাশিয়া ইরানের ঘনিষ্ঠ বন্ধু এবং কৌশলগত অংশীদার। একে অপরের সমস্যার ব্যাপারে আমরা পরামর্শ করে থাকি এবং আমাদের অবস্থান সমন্বয় করি।”

তিনি আরও বলেন, “রাশিয়া জেসিপিওএ (পরমাণু চুক্তি) স্বাক্ষরকারী দেশগুলোর একটি। তাই বৈশ্বিক নিরাপত্তা ও পরমাণু ইস্যুতে তাদের সঙ্গে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বৈঠক প্রসঙ্গে তিনি জানান, সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ইরান-রাশিয়া মিলে ভবিষ্যৎ করণীয় ঠিক করবে এবং যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে, শনিবার রাতে মার্কিন বিমান বাহিনী ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। হামলার পর আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেন, “এই হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও এনপিটির সুস্পষ্ট লঙ্ঘন। এর চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান তার সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার অধিকার রাখে।”

এর জবাবে ইরান থেকেও পাল্টা পদক্ষেপ নেওয়া হয়। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।

মতামত দিন