আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তেহরানে পুলিশ সদরদপ্তর ও রেড ক্রিসেন্টে ইসরায়েলি হামলা।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইরানের রাজধানী তেহরানে অবস্থিত জাতীয় পুলিশ সদরদপ্তর ধ্বংস করে দিয়েছে। বুধবার (১৮ জুন) রাতে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় এ ক্ষয়ক্ষতি হয় বলে জানায় তেলআবিব।
বার্তাসংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।

একই রাতে তেহরানের রেড ক্রিসেন্ট সোসাইটির অফিসেও ইসরায়েলি হামলা হয়েছে। মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত এই ভবনে একাধিক মিসাইল আঘাত হানায় তা বিধ্বস্ত হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এছাড়া ইরানের বিভিন্ন কৌশলগত এলাকায়ও একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। পারমাণবিক কার্যক্রম সংশ্লিষ্ট অঞ্চল ইস্ফাহান, সিরাজ এবং কেরমানশাহে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কারাজ শহর ও আশপাশের বিমানবন্দর এলাকা থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তেলআবিবের দাবি, বুধবার এক দিনে তারা ইরানের অন্তত ৬০টি ভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনা এবং অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র। এসব স্থাপনায় সফলভাবে আঘাত হানার কথাও জানানো হয়েছে।

অন্যদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলি ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে। দেশটির বিভিন্ন শহরে রাতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তেহরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল দখলকৃত জেরুজালেমসহ একাধিক এলাকা।

এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমবর্ধমান উত্তেজনার ওপর গভীর নজর রাখছে।

মতামত দিন