সৌদিতে এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসী বহিষ্কার, আটক ১০ হাজারের বেশি।
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নে দেশজুড়ে অভিযান আরও জোরদার করেছে সৌদি আরব। সর্বশেষ এক সপ্তাহের অভিযানে প্রায় ৮ হাজার অনিবন্ধিত বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ থেকে ১০ জুন পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে মোট ৭ হাজার ৯৮৯ জনকে বহিষ্কার করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৮৯৯ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৩ হাজার ৮৪ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা বিধি এবং ১ হাজার ৭৪২ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়। এছাড়া অনুমতি ছাড়া দেশ ছাড়ার চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ৩৪ জনকে।
বহিষ্কারের প্রস্তুতির অংশ হিসেবে ১৪ হাজার ২৬৮ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করতে পাঠানো হয়েছে। একই সঙ্গে আরও ১ হাজার ২৪০ জনের বহিষ্কার-পূর্ব আনুষ্ঠানিক কার্যক্রম চলমান রয়েছে।
শুধু অবৈধ অভিবাসীরাই নয়, তাদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগেও ১৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে অভিবাসন ও শ্রম আইন-সংক্রান্ত বিভিন্ন মামলায় ২২ হাজারের বেশি ব্যক্তি আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন।
সৌদি কর্তৃপক্ষ বলছে, শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং আবাসন আইন কঠোরভাবে কার্যকর করতেই নিয়মিত এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
একই সঙ্গে সরকার কড়া সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের সহায়তা বা আশ্রয় দেওয়ার মতো অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হতে পারে।
মতামত দিন