সৌদিতে থাকতে হলে রেসিডেন্সি হোল্ডারদের মানতে হবে নতুন নিয়ম।
সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি সুবিধাভোগীদের জন্য নতুন কর্মসংস্থান নীতিমালা চালু করা হয়েছে। এখন থেকে এ ধরনের আবাসন সুবিধা থাকা ব্যক্তিদের আলাদা ওয়ার্ক পারমিট নিতে হবে, যার জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে।
গালফ নিউজ ও দ্য ইকোনোমিক টাইমসের তথ্য অনুযায়ী, দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা-সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ (Qiwa) নতুন এ নির্দেশনা জারি করেছে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠান নিবন্ধন, ভিসা ব্যবস্থাপনা, প্রশিক্ষণ চুক্তি, চাকরি ছাড়ার আবেদনসহ বিভিন্ন শ্রমসেবা পরিচালিত হয়। নতুন নির্দেশনায় জানানো হয়েছে, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হবে কোম্পানির আকার এবং ইউনিফায়েড নম্বরের আওতায় নিবন্ধিত কর্মীর সংখ্যার ভিত্তিতে।
এদিকে ‘তামহীর’ কর্মসূচির প্রশিক্ষণ চুক্তি এখন থেকে পুরোপুরি অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকবে। তবে এসব প্রশিক্ষণকে সৌদিকরণ (Saudization) নীতির আওতায় কর্মী গণনা বা বিদ্যমান কর্মসংস্থান-সংক্রান্ত বাধ্যবাধকতার অংশ হিসেবে বিবেচনা করা হবে না।
সংশ্লিষ্ট সেবার ফি ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম অথবা কিউয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা যাবে বলেও জানানো হয়েছে।
চাকরি থেকে পদত্যাগের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো নিয়োগকর্তা আবেদন গ্রহণ বা স্থগিত না করলে কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহারের সুযোগ পাবেন। তবে নোটিশের সময়সীমা সংশ্লিষ্ট চাকরিচুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।
অন্যদিকে ভিসা ইস্যুর পর তাতে কোনো তথ্য সংশোধনের সুযোগ রাখা হয়নি। কোনো ভুল থাকলে বিদ্যমান ভিসা বাতিল করে নতুন করে আবেদন করতে হবে বলে কিউয়ার নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

মতামত দিন