মে মাসের ১৯ দিনেই দেশে এলো সাড়ে ২৪৮ কোটি ডলারের রেমিট্যান্স।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো অর্থে চলতি মে মাসে নতুন গতি দেখা গেছে। মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ৪৭৯ কোটি টাকার সমান।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৮ শতাংশের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এই তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, শুধু ১৯ মে একদিনেই দেশে এসেছে প্রায় এক হাজার ৯০২ কোটি টাকার বৈদেশিক মুদ্রা। অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে ডলারের দর সমন্বয় এবং হুন্ডির পরিবর্তে আনুষ্ঠানিক পথে টাকা পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্সে এই প্রবৃদ্ধি এসেছে।
চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্তও প্রবাসী আয়ের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে। গত বছরের জুলাই থেকে এ বছরের ১৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে তিন হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।
বিশ্লেষকদের ধারণা, এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও স্থিতিশীল হবে এবং অর্থনীতির ওপর চাপ কিছুটা কমবে।
মতামত দিন