অর্থনীতি
ছবি: সংগৃহীত

ইরানে হামলা স্থগিত ট্রাম্পের, কমল তেলের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের বিরুদ্ধে মঙ্গলবারের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধেই এই সিদ্ধান্ত বলে তিনি ট্রুথ সোশ্যালে জানিয়েছেন।

ট্রাম্পের ভাষ্য, একটি গ্রহণযোগ্য চুক্তি আসতে পারে বলে তাকে আশ্বাস দেওয়া হয়েছে। তবে পরিষ্কার বলে দিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং চুক্তি না হলে যেকোনো মুহূর্তে বড় সামরিক অভিযান শুরু হতে পারে।

হামলা স্থগিতের ঘোষণার পরপরই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার থেকে নেমে ১০৯ ডলারে ঠেকে। এর আগে সোমবার ট্রাম্প ইরানকে কড়া ভাষায় সতর্ক করলে দাম হঠাৎ বেড়ে যায়, পরে আবার কমে — কারণ ইরানি একটি সংবাদ সংস্থা জানায়, আলোচনাকালে তেহরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিতে রাজি হয়েছে ওয়াশিংটন।

উত্তেজনার মূল কারণ হরমুজ প্রণালি। গত ফেব্রুয়ারি থেকে মার্কিন-ইসরায়েলি হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ করে রেখেছে, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে আলোচনার প্রতিটি মোড়ে তেলের বাজার তীব্রভাবে ওঠানামা করছে। ইরান এখন পর্যন্ত সরকারিভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: বিবিসি

মতামত দিন