আবারও স্বর্ণের বাজারে স্বস্তি, দাম কমলো স্বর্ণের।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী—
২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকায়।
২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় বিক্রি হবে।
এর আগে মাত্র এক দিন আগেই (২৯ এপ্রিল) আরও একটি দফায় দাম কমানো হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
সব মিলিয়ে চলতি সপ্তাহে টানা কয়েক দফায় স্বর্ণের বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। বাজুসের হিসাব অনুযায়ী, শুধু সাম্প্রতিক কয়েক দফায়ই ভরিতে প্রায় ১০ হাজার টাকার কাছাকাছি দাম কমেছে।
অন্যদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই—
২২ ক্যারেট রুপা ৫ হাজার ৪৮২ টাকা,
২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা,
১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং
সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে স্বর্ণ ও রুপার দামে একাধিকবার পরিবর্তন এসেছে। বাজুসের হিসাব বলছে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫০ বারের বেশি সমন্বয় করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকবার দাম বাড়লেও সাম্প্রতিক সময়ে কমার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে।
মতামত দিন