অর্থনীতি
ছবি: সংগৃহীত

আগামী দুই মাসের জন্য জ্বালানি সংকটের আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে আগামী দুই মাস জ্বালানি সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে দেশে ডিজেল, পেট্রোল, অকটেন ও জেট ফুয়েলসহ বিভিন্ন জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ডিজেল মজুত আছে ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন, অকটেন ৩১ হাজার ৮২১ মেট্রিক টন, পেট্রোল ১৮ হাজার ২১১ মেট্রিক টন এবং জেট ফুয়েল ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন।

তিনি আরও বলেন, জ্বালানির দাম নিয়মিতভাবে প্রতি মাসে পর্যালোচনা করে সমন্বয় করা হচ্ছে, এপ্রিল মাসেও তা করা হয়েছে। আগামী মাসের মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজার ও স্থানীয় অবস্থা বিবেচনায় নির্ধারণ করা হবে।

ঢাকায় পেট্রোল পাম্পে অতিরিক্ত ভিড়ের বিষয়ে তিনি বলেন, এটি আতঙ্কজনিত ক্রয় আচরণ, তবে দেশের অন্যান্য এলাকায় এমন পরিস্থিতি নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আগের বছরের তুলনায় কোনো কম দেওয়া হয়নি।

শিল্প খাতে জ্বালানির ঘাটতির অভিযোগও নাকচ করে তিনি জানান, চাহিদা অনুযায়ী নিয়মিতভাবে ডিজেল সরবরাহ করা হচ্ছে এবং এতে কোনো বাধা নেই।

তিনি আরও জানান, বেসরকারি খাতে প্রায় ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে মার্চ ও এপ্রিল মাসে ক্রুড অয়েল আমদানি ব্যাহত হয়েছে, যা শিগগিরই সৌদি আরব থেকে বিকল্প রুটে আসবে বলে আশা করা হচ্ছে।

দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি পরিশোধন করতে সক্ষম, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ।

মতামত দিন