অর্থনীতি
ছবি: সংগৃহীত

রপ্তানিকারকদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

রপ্তানিকারকদের জন্য নিয়মে কিছুটা শিথিলতা এনে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলার মূল্যমানের পণ্য রপ্তানির ক্ষেত্রে শিপিং ডকুমেন্ট বিদেশি ক্রেতা বা তাদের মনোনীত পক্ষের কাছে সরাসরি পাঠানো যাবে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (১৬ মার্চ) জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১।

নতুন ব্যবস্থায় অনুমোদিত ডিলার ব্যাংকগুলো রপ্তানিকারকদের এমনভাবে শিপিং ডকুমেন্ট প্রস্তুতের সুযোগ দিতে পারবে, যাতে তা সরাসরি বিদেশি আমদানিকারক বা তাদের নির্ধারিত প্রতিনিধির নামে ইস্যু করা যায়। ফলে পণ্য ছাড়ে সময় কমবে এবং আন্তর্জাতিক লেনদেনের প্রক্রিয়াও হবে আরও দ্রুত।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশি অনেক ক্রেতা দ্রুত পণ্য গ্রহণের সুবিধার জন্য নিজেদের নামে পরিবহনসংক্রান্ত কাগজপত্র চান। সেই চাহিদার কথাই বিবেচনায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্তে। এতে বৈশ্বিক বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে বলে মনে করা হচ্ছে।

তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্তও মানতে হবে। সংশ্লিষ্ট ব্যাংককে আগে নিশ্চিত হতে হবে যে রপ্তানির বিপরীতে বৈধ আদেশ রয়েছে। পাশাপাশি ক্রেতা বা কনসাইনির পরিচয় যাচাই করাও বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্ট মহলের ধারণা, এই উদ্যোগে রপ্তানি বাণিজ্যে গতি বাড়বে। একই সঙ্গে বিদেশি ক্রেতার শর্ত অনুযায়ী দ্রুত নথিপত্র পাঠানো এবং সময়মতো রপ্তানি আয় দেশে আনার কাজও আরও সহজ হবে।

মতামত দিন