দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল সরবরাহ কমানোর হার নতুন করে সমন্বয় করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। আগের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে সরবরাহ ২৫ শতাংশ কমানো হচ্ছিল, সেখানে এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধিত এই বরাদ্দ কার্যকর করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশেষ করে ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিপিসি জানিয়েছে, চলমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখতে আগেই সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় জনগণের চাহিদা বিবেচনায় নিয়ে এবার সরবরাহ কমানোর হার আংশিক শিথিল করা হয়েছে।

মতামত দিন