অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের আর্থিক খাত মারাত্মক ঝুঁকিতে: বাংলাদেশ ব্যাংক গভর্নর।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের আর্থিক খাত বর্তমানে “মারাত্মক ঝুঁকির” মধ্যে রয়েছে। তিনি বলেন, খাতটি স্থিতিশীল করতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা অপরিহার্য।

সোমবার (২০ আগস্ট) রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর বলেন, “দেশের উন্নয়ন এবং ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি আমাদের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে স্থিতিশীল করতে হবে। এই প্রক্রিয়ায় তিন থেকে চার বছর সময় লাগবে, তবে এটি সম্ভব এবং আমরা তা করবই।”

তিনি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে নতুন উদ্ভাবন এবং আর্থিক শিক্ষার প্রসার উল্লেখ করেন। এসব ক্ষেত্রে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গভর্নর বলেন, “গত বছর সরকারের পতনের পর আর্থিক খাতের দুর্দশা বেড়ে গেছে। অনিয়ম ও জালিয়াতির কারণে কিছু ব্যাংকের অবস্থা শঙ্কাজনক হয়ে উঠেছে। দেশে অর্থনৈতিক অস্থিরতা, ব্যবসায়িক আস্থার ঘাটতি এবং রাজস্ব আহরণ কম হওয়ায় দেশের নিজস্ব অর্থজোগাড়ের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজস্ব আহরণ অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। রাজস্ব বৃদ্ধিতে আরও মনোযোগী হতে হবে। ভারত জিডিপির ১৮-২০ শতাংশ এবং নেপাল ২০ শতাংশের বেশি রাজস্ব আহরণ করতে পারে, তবে আমরা কেন পিছিয়ে থাকব?”

উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর বলেন, বিদেশি অর্থায়ন শুধু প্রত্যক্ষ বিনিয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়,  বেসরকারি খাতেও এ সুযোগ রয়েছে। বাংলাদেশের পুঁজিবাজারকেও কাজে লাগানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে।

মতামত দিন