আগস্টে ১৬ দিন পেরিয়েছে, এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, রেমিট্যান্স না আসা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। বিশেষায়িত ব্যাংক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি ব্যাংক হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, সিটিজেন্স ব্যাংক, পদ্মা ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক এবং বিদেশি ব্যাংক হিসেবে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক রেমিট্যান্স পাননি।
প্রতিবেদনে আরও জানানো হয়, আগস্ট মাসের প্রথম ১৬ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো ৩৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো ১৬ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলো ৭৫ কোটি ৯৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলো ৭৬ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স পেয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ১০ থেকে ১৬ আগস্ট দেশে এসেছে ৫৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার ডলার, ৩ থেকে ৯ আগস্ট এসেছে ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার, এবং মাসের প্রথম দুই দিনে এসেছে ৬ কোটি ৫ লাখ ডলার।
গত জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংক ২২ কোটি ৯২ লাখ ডলার, বেসরকারি ব্যাংক ১৬৮ কোটি ৯৭ লাখ ডলার এবং বিদেশি ব্যাংক ১ কোটি ১৩ লাখ ডলার।
এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসী পাঠানো রেমিট্যান্সের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৩২ বিলিয়ন বা ৩,৩২৮ কোটি ৮০ লাখ ডলার, যা কোনো একক অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মতামত দিন