আগস্টের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১২৬ কোটি ৪০ লাখ ডলার।
রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, দেশের প্রবাসীরা আগস্ট মাসের প্রথম ১৬ দিনে প্রায় ১২৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গেল বছরের একই সময়ে এটি ছিল ১১১ কোটি ২০ লাখ ডলার।
তিনি আরও জানিয়েছেন, ১৪ থেকে ১৬ আগস্টের মধ্যে তিনদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ১০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রাপ্ত রেমিট্যান্সের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৪ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩.৭ শতাংশ বেশি।
জুলাই মাসের রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১৩ লাখ ডলার।
এর পাশাপাশি, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
মতামত দিন