বিশ্ববাজারে ভোজ্যতেলে উর্ধ্বমুখী ধারা ব্যতিক্রম ক্যানোলা।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। সয়াবিন বীজ, পাম ও সূর্যমুখী তেলের দাম একযোগে বেড়েছে।
ট্রেড ইকোনোমিকসের সাম্প্রতিক তথ্যে দেখা যায়, গত শনিবার (১৬ আগস্ট) সয়াবিন বীজের দাম উঠে গেছে প্রতি বুশেল ১ হাজার ২২ ডলার ৭৫ সেন্টে, যা আগের মাসের তুলনায় প্রায় ১ শতাংশ বেশি। একই সময়ে পাম তেলের বাজারও উর্ধ্বমুখী—টনপ্রতি মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২ ডলার ১৬ সেন্টে, যা মাসিক হিসেবে প্রায় ৭ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। সূর্যমুখী তেলের দামও বাড়ার ধারা অব্যাহত রয়েছে; বর্তমানে প্রতি টন ৮২ ডলারে বিক্রি হচ্ছে, যা সপ্তাহের হিসাবে ২ দশমিক ৩৬ শতাংশ এবং এক মাসে প্রায় ৫ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর বিপরীতে ক্যানোলা তেলের দাম কমেছে। গত এক মাসে এ তেলের টনপ্রতি মূল্য ২ দশমিক ৩১ শতাংশ হ্রাস পেয়ে ৪৭৭ ডলার ৫৯ সেন্টে নেমেছে। বাজার বিশ্লেষকদের ধারণা, সামনে এ পতন আরও গভীর হতে পারে।
অন্যদিকে, ভোজ্যতেলের পাশাপাশি জ্বালানি তেলের দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের মূল্য একদিনে প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়ায় ৬৬ ডলার ৮৪ সেন্টে। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৬৩ ডলার ৯৬ সেন্টে লেনদেন শেষ করেছে। বিশ্লেষকদের মতে, সুদের হার কমানোর সম্ভাবনা এবং ওয়াশিংটন-মস্কো আলোচনার অনিশ্চয়তা এই মূল্যবৃদ্ধির মূল কারণ।

মতামত দিন