বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক অন্তর্ভুক্তি দ্রুত বৃদ্ধির পরামর্শ দেন ফিনটেক বিশেষজ্ঞ।
রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকার্স মিট ২০২৫-এ বিশ্বখ্যাত ফিনটেক বিশেষজ্ঞ ব্রেট কিং বলেন, কেবল নগদ লেনদেনের ওপর নির্ভর করে দেশের সব মানুষকে ব্যাংকিং সেবায় আনা সম্ভব নয়। তিনি মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ও ডিজিটাল পরিচয়ভিত্তিক অবকাঠামো গড়ে তোলার গুরুত্ব উল্লেখ করেন।
ব্রেট কিং বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও প্রশাসনিক সমস্যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর অবকাঠামো তৈরি করা জরুরি। তিনি উদাহরণ দেন চীনের ২০১২ সালের নগদ-নির্ভর অর্থনীতির রূপান্তর এবং সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংকের ডিজিটাল রূপান্তরের অভিজ্ঞতা।
তিনি আরও বলেন, প্রযুক্তি ব্যবহার না করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। ব্যাংকগুলোকে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করা বা আলাদা ডিজিটাল ব্যাংক চালু করতে হবে। এছাড়া প্রতারণা রোধে বায়োমেট্রিক প্রমাণীকরণ ও এআইভিত্তিক শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার জরুরি।
অনুষ্ঠানে সিটি ব্যাংক ও এবি ব্যাংকের সঙ্গে ফিলপস লিমিটেডের নতুন অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়। সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম সিটি টাচ পুনর্গঠন করা হবে এবং এবি ব্যাংকের মাধ্যমে ডিজিটাল ন্যানো লোন সুবিধা চালু হবে।

মতামত দিন