বাংলাদেশ থেকে সৌদি ও মধ্যপ্রাচ্যের টিকিটের দাম আকাশছোঁয়া, নজর নেই সরকারের।
মধ্যপ্রাচ্যে ভ্রমণের টিকিটের দাম হঠাৎ করেই উর্ধ্বমুখী হয়েছে। পূর্বে বাংলাদেশ থেকে সৌদি আরবের রুটের টিকিট ৪০–৪৫ হাজার টাকায় পাওয়া যেত।
এদিকে এয়ারলাইন্স ও গ্লোবাল সেলস এজেন্ট (জিএসএ)রা সিন্ডিকেট গড়ে উচ্চ মূল্য আদায় করছে। কয়েকটি এজেন্সি গ্রুপ আকারে নাম ছাড়া টিকিট ব্লক করে রাখছে এবং বাজারে মূল্যের চেয়ে ২০০–৩০০ ডলার বেশি বিক্রি করছে। এতে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।
সরকার গত ফেব্রুয়ারি মাসে জিএসএগুলোকে নির্দেশ দিয়েছিল যাত্রী নাম ও পাসপোর্ট কপি ছাড়া কোনো বুকিং গ্রহণ করা যাবে না। তবু সিন্ডিকেটগুলো এই নিয়মের বাইরে গিয়ে টিকিট ব্লক ও মূল্য বৃদ্ধি করছে।
ঢাকা থেকে কুয়েতগামী টিকিটের দাম এখন ১ লাখ ১৮ হাজার টাকা, রিয়াদ রুটের টিকিটও ৯০ হাজার টাকার কাছাকাছি। খাত সংশ্লিষ্টরা বলছেন, পূর্বে নাম ছাড়া টিকিট মজুত রাখার প্রক্রিয়া আবার সক্রিয় হয়েছে এবং এয়ারলাইন্সের টিকিট অগ্রিমভাবে ব্লক করা হয়েছে।
বিমান মন্ত্রণালয় যাত্রী স্বার্থ সংরক্ষণের জন্য গঠিত টাস্কফোর্স কার্যকর নজরদারি করছে না। কিছু এজেন্সিকে শোকজ দিয়েছে, কিন্তু কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। সরকারি ১০ দফা নির্দেশনা সত্ত্বেও এয়ারলাইন্স ও জিএসএরা তা মানছে না।
মতামত দিন