এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ২ শতাংশ।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রায় ২ শতাংশ বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চ স্তরে উঠেছে। মূলত যুক্তরাষ্ট্রে আগামী মাসে সুদের হার কমানোর সম্ভাবনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে সৃষ্ট উত্তেজনা এই বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৮৪ ডলার, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেশি। অপরদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৩ দশমিক ৯৬ ডলার, যা ১ দশমিক ৩১ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি।
ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে সমঝোতা ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে রাশিয়া থেকে তেল আমদানিকারকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে, যা বৈশ্বিক সরবরাহ পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলতে পারে। অন্যদিকে, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাবে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে তেলের চাহিদা বৃদ্ধির আশা জাগিয়েছে।
এছাড়া,বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২ শতাংশের উৎস নরওয়ে ২০২৬ সাল থেকে তেল ও গ্যাসে বিনিয়োগ ধীরে ধীরে হ্রাস করার পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে।
সূত্র: রয়টার্স
মতামত দিন