অর্থনীতি
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি আর কম মজুতের সুযোগে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে পেঁয়াজের দাম সাম্প্রতিক কয়েক দিনে রেকর্ড পরিমাণ বেড়েছে। টানা বৃষ্টি এবং কৃষকের হাতে পেঁয়াজের মজুত কমে যাওয়ার সুযোগে সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।

খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে ৮০-৯০ টাকায় পৌঁছেছে, যা দশ দিন আগেও ৪৫-৫০  টাকার মধ্যে মিলত।

ভোক্তারা অভিযোগ করছেন, চাল, ডাল, তেল, পোলট্রি ও সবজির উচ্চমূল্যের পাশাপাশি পেঁয়াজের এ হঠাৎ দাম বাড়ার কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বছরের এই সময়ে দাম কিছুটা বেড়ে যাওয়াই স্বাভাবিক, তবে এবার বৃদ্ধি হার অস্বাভাবিক।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দাম মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় দ্বিগুণ বেড়েছে। সূত্রাপুরের ক্রেতা শাহিন আলম বলেন, “বাজারে কোনো সংকট নেই, তবু দাম বাড়ানো হচ্ছে। সিন্ডিকেটকে কেন ধরা হচ্ছে না?”

শ্যামবাজারে পেঁয়াজ কিনতে আসা আমির হোসেন জানান, “কয়েকদিন আগে ৫ কেজি পেঁয়াজ কিনেছিলাম ২২০ টাকায়, এখন চাওয়া হচ্ছে ৪০০ টাকা। মজুতদাররা অজুহাত বানিয়ে দাম বাড়াচ্ছে।”

অন্যদিকে ব্যবসায়ীরা বলেন, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে গেছে, ফলে খুচরা বিক্রেতাদেরও বেশি  দামে কিনতে হচ্ছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়ৎদাররা বলছেন, দেশি পেঁয়াজের ওপর পুরো বাজার নির্ভরশীল এবং ট্রান্সপোর্ট ভাড়াও বেড়ে গেছে।

ফরিদপুরে এক সপ্তাহে মণপ্রতি পেঁয়াজের দাম প্রায় এক হাজার টাকা বেড়ে ২ হাজার ৫০০-২ হাজার ৬০০ টাকায় পৌঁছেছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলছেন, “কৃষকের হাতে পেঁয়াজ কম, সিন্ডিকেট দামে বাড়তি চাপ তৈরি করছে। বাজারে কার্যকর তদারকি না থাকায় সাধারণ ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তিনি আরও বলেন, “ভোক্তা অধিকার অভিযান বলতে কিছু দেখানো হচ্ছে না। চাল, ডাল, পোলট্রি, সবজি, ডিম—সবকিছুর দাম বাড়ছে, জনগণের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।”

মতামত দিন