অর্থনীতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন ডলার ক্রয়: বাজার স্থিতিশীলতায় কৌশলগত পদক্ষেপ।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংক আবারও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। রোববার (১০ আগস্ট) এই ক্রয় ১১টি ব্যাংকের মাধ্যমে হয়েছে, যেখানে ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৪৭ থেকে ১২১ টাকা ৫০ পয়সার মধ্যে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১২১ টাকা ৪৭ পয়সায় ১২ মিলিয়ন ডলার এবং ১২১ টাকা ৫০ পয়সায় বাকি ৭১ মিলিয়ন ডলার কেনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় প্রয়োজনে ডলার কেনা-বিক্রি করে থাকে।

গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংক একাধিকবার নিলামের মাধ্যমে ডলার কিনেছে, যার মোট পরিমাণ এখন ৬২২ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপ বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কমাতে ও টাকার মান স্থিতিশীল রাখতে জরুরি।

নিলামের মাধ্যমে কেনা ডলার দেশের রিজার্ভে যুক্ত হয়, যা আমদানি ব্যয় ও ঋণ পরিশোধে সহায়ক।  পাশাপাশি এটি বাজারে মনস্তাত্ত্বিক স্থিতি তৈরি করে বিনিময় হারের অস্থিরতা কমায়।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল রাখতে রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধি, আমদানি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের এই ক্রয় কার্যক্রমকে বিশেষজ্ঞরা সময়োপযোগী ও কৌশলগত উদ্যোগ হিসেবে দেখছেন।

মতামত দিন