অর্থনীতি
ছবি: সংগৃহীত

আগস্টের শুরুতেই রেমিট্যান্স এসেছে ৪ হাজার কোটি টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনেই উল্লেখযোগ্য হারে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এই অল্প সময়ে দেশে এসেছেন ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স।

টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ হাজার ১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে হিসাব করলে)।

বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর রেমিট্যান্সপ্রবাহে প্রবল গতি লক্ষ করা যাচ্ছে। ২০২৪ সালের একই সময়ের তুলনায় এ বছর অতিরিক্ত এসেছে ১৪ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা বেশি।

বাংলাদেশ ব্যাংকের আরও তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, যা প্রায় ৩০ হাজার কোটি টাকার সমান। তবে ব্যাংক খাতে কিছু অস্বাভাবিকতা থাকায় জুলাইয়ে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি বলেও জানা গেছে।

এর আগের অর্থবছর—২০২৪-২৫ সালে—রেমিট্যান্সপ্রবাহের চিত্র ছিল ইতিবাচক। ওই অর্থবছরের মার্চ  মাসে সবচেয়ে বেশি, অর্থাৎ ৩২৯ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, সরকার প্রণোদনার হার ও বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার কারণে এ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। নতুন অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে এই গতি বজায় থাকলে বৈদেশিক মুদ্রার  রিজার্ভে খানিকটা স্বস্তি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন