ডিম ও পেঁয়াজের বাজারে হঠাৎ উত্তাপ, বিপাকে মধ্যবিত্তরা।
রাজধানীতে হঠাৎ করেই ডিম ও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। মাসখানেক স্থিতিশীল থাকার পর গত এক সপ্তাহেই ডিমের ডজনপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, লাল ডিম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে এক সপ্তাহ আগে ছিল ১২০ টাকায়। সাদা ডিম মিলছে ১২০ থেকে ১২৫ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ১১০ টাকার আশপাশে। পাড়া-মহল্লার দোকানগুলোতে আবার দাম আরও ৫ থেকে ১০ টাকা বেশি।
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকেই দাম বেড়েছে।‘দামে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। পাইকারিতে যেভাবে আসছে, সেভাবেই বিক্রি করছি।’
পাইকাররা বলছেন, মাছ-মাংস ও সবজির উচ্চমূল্যের কারণে ডিমের চাহিদা বেড়েছে। তবে সরবরাহ সেই হারে না বাড়ায় দাম বেড়েছে।
একই চিত্র পেঁয়াজের বাজারেও। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা দাম বেড়ে তা এখন ৭০ থেকে ৭৫ টাকায় পৌঁছেছে। কিছু এলাকায় কেজি প্রতি ৮০ টাকাও হাঁকা হচ্ছে।
বিক্রেতারা বলছেন, ‘পাইকারিতে প্রতি কেজি ৬৫ টাকার ওপরে কিনতে হচ্ছে। আমাদের লাভ থাকছে খুবই কম।’ আর পাইকারি ব্যবসায়ী জানালেন,মোকামে দাম বাড়ায় রাজধানীতেও এর প্রভাব পড়েছে।’
বৃষ্টির কারণে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় বাধা আসায় সমস্যা আরও বেড়েছে বলে জানায় পাইকাররা।
এদিকে ভোক্তারা বলছেন, বাজারে নজরদারির অভাবেই বাড়ছে পণ্যের দাম। একাধিক ক্রেতা অভিযোগ করেন, মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে।
‘চাল, ডাল এমনিতেই চড়া দামে কিনতে হচ্ছে।তার মধ্যে ডিম-পেঁয়াজের দাম হঠাৎ বাড়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে সাধারন মানুষের।’

মতামত দিন