অর্থনীতি
ছবি: সংগৃহীত

ফের কমল স্বর্ণের দাম, নতুন দর ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

কয়েক দিনের ব্যবধানেই আবার পরিবর্তন হলো দেশের স্বর্ণের বাজারে। এবার দাম বাড়ার বদলে কমেছে।

২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতি—সব ধরনের স্বর্ণের দামই কমিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা। তবে একই সময়ে রুপার দরে কোনো সংশোধন করা হয়নি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম এখন ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। আগের দরের তুলনায় এটি ২ হাজার ২১৬ টাকা কম। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকেই এই দর কার্যকর হবে।

স্বর্ণের অন্যান্য মানের ক্ষেত্রেও একই ধরনের নিম্নমুখী সমন্বয় দেখা গেছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে কমেছে ২ হাজার ১০০ টাকা। ফলে এর নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের দর ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের ক্ষেত্রেও ভরিপ্রতি ১ হাজার ৪৫৮ টাকা কমেছে। এখন এই মানের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

তবে কয়েক দিন আগের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ৩ সেপ্টেম্বর স্বর্ণের বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের ভরি ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা করা হয়। ২১ ক্যারেটের দর বাড়ে ৫ হাজার ২৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের দর বাড়ে ৪ হাজার ৪৯১ টাকা। ফলে ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এবং ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের দামও ৩ সেপ্টেম্বর এক দফায় ৩ হাজার ৬৭৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন প্রতি ভরির দর নির্ধারিত হয় ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

এবারের মূল্য কমানোর পেছনে তেজাবি স্বর্ণের বাজারদর কমে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট জুয়েলারি ব্যবসায়ীরা।

রুপার বাজার অবশ্য আগের দরেই রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার এক ভরি ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা নির্ধারিত রয়েছে।

স্বর্ণের দরের ঘন ঘন ওঠানামার ধারাবাহিকতায় চলতি বছর এ পর্যন্ত ১১২ বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে সমান ৫৬ দফায় দাম বাড়ানো ও কমানো হয়েছে।

মতামত দিন